৫ মে চন্দ্রগ্রহণ দেখতে বিজ্ঞান জাদুঘরের আয়োজন

৪ মে, ২০২৩ ১৪:৫৩  

আগামীকাল শুক্রবার (৫ মে, ২০২৩) সৌরজগতে ঘটবে চন্দ্রগ্রহণ। ওইদিন বাংলাদেশ সময় রাত ৯.১৪ মিনিটে শুরু হবে বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ। সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১১.২২ মিনিটে এবং সমাপ্ত হবে রাত ১.৩১ মিনিটে। এই চন্দ্রগ্রহণ অবলোকন করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। আগ্রহীরা সেখান থেকে তা পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

বৃহস্পতিবার বিজ্ঞান জাদুঘর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন,আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে”  

প্রসঙ্গত, বিজ্ঞানের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও গ্রহণের বিশেষ গুরুত্ব বলা হয়েছে। চন্দ্রগ্রহণে, পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে, যেখানে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং এর আলো ম্লান হয়ে যায়।

আর এ গ্রহণটি একটি উপচ্ছায়া জনিত গ্রহণ (Penumbral Lunar Eclipse) অর্থাৎ পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের উপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। কিন্তু চাঁদের পূর্ণ বা আংশিক কোনটিই পৃথিবী থেকে অদৃশ্য হবেনা। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।